জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় প্রায় ৪১৫ কোটি টাকা অনুদান পাচ্ছে বাংলাদেশ। এই অর্থ দেশের জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, জলবায়ু বীমা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সুরক্ষা শক্তিশালী করার কাজে ব্যয় করা হবে।
প্রাথমিক পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে বাংলাদেশ আরও প্রায় ২৫০ কোটি টাকা সহায়তা পেতে পারে। সব মিলিয়ে এই কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য প্রায় ৬৬৫ কোটি টাকার জলবায়ু সহায়তার সুযোগ তৈরি হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে এই অনুদান পেতে যাচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য প্রায় তিন কোটি মার্কিন ডলার অনুদান নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৫ কোটি টাকা। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির করা আবেদনের ভিত্তিতে বাংলাদেশ এই সহায়তার জন্য নির্বাচিত হয়েছে।
ড. সাইমুম পারভেজ জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, খরা, লবণাক্ততা ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মানুষ। অনুদানের অর্থ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঝুঁকি মোকাবিলায় ব্যবহার করা হবে।
কর্মসূচির একটি বড় অংশ ব্যয় হবে জলবায়ু ঝুঁকি সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে। কোন অঞ্চলে কী ধরনের দুর্যোগের আশঙ্কা বেশি, কোন জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে—এসব বিষয়ে তথ্যভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হবে।
একই সঙ্গে জলবায়ু বীমা এবং দুর্যোগের আগেই আর্থিক প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা শক্তিশালী করা হবে। এর লক্ষ্য হচ্ছে, দুর্যোগের পর শুধু ত্রাণের অপেক্ষায় না থেকে দ্রুত প্রয়োজনীয় অর্থ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া।
ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়। ঝুঁকিতে থাকা মানুষের জন্য কার্যকর আর্থিক সুরক্ষাব্যবস্থা তৈরি করাও জরুরি। জলবায়ু বীমা এবং অন্যান্য আর্থিক ব্যবস্থার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীকে দ্রুত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, প্রথম পর্যায়ের কাজ সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ পরবর্তী ধাপে আরও প্রায় ২৫০ কোটি টাকা সহায়তা পাওয়ার সুযোগ পাবে। ফলে এই অনুদান শুধু একটি নির্দিষ্ট প্রকল্পের অর্থায়ন নয়; এটি ভবিষ্যতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাওয়ার জন্য বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়ানোরও একটি সুযোগ।
এই অর্জনের পেছনে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলেই বাংলাদেশ গ্লোবাল শিল্ড কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছে।
জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে খুব কম হলেও এর ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে অনুদান, ঝুঁকি বীমা এবং আগাম আর্থিক সুরক্ষার মতো ব্যবস্থায় বাংলাদেশের ন্যায্য অংশ নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের।
গ্লোবাল শিল্ডের এই অনুদান সঠিকভাবে বাস্তবায়িত হলে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।