নিয়মিত ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস অনেকেরই থাকে। বাড়ি ফিরেও এক ঢোক বরফঠান্ডা পানি না খেলে অনেকের স্বস্তি হয় না! তবে ঠান্ডা পানি খেলে কি ওজন বাড়ে? প্রশ্নটি অনেকেরই মনে আসে।

ঠান্ডা বা গরম পানির সঙ্গে ওজন বাড়া-কমার সরাসরি কোনও সম্পর্ক নেই, এমনটাই মত পুষ্টিবিদের। তেমনই গরম পানি খেলেই মেদ ঝরে যাবে, এই ধারণাও ভুল। আসলে ওজন বাড়ে পানির তাপমাত্রার জন্য নয়, পানি কম খাওয়ার জন্য। শরীরে পানির ঘাটতি হলে বিপাকহার কমে যায়, হজমের গণ্ডগোল হয়, আর তার থেকেই ওজন বাড়তে পারে। সারাদিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে। মনে না থাকলে, নীচের পদ্ধতিগুলির সাহায্য নিতে পারেন।
১) পানির অভাব পূরণ করতে পারে স্বাস্থ্যকর তরলও। স্বাদবদলের কারণে বার বার পানির বদলে ডালের পানি, সব্জি বা ফলের রসও খেতে পারেন। এর ফলে স্বাদের সঙ্গে পুষ্টিগুণও মিলবে। তবে জলের বদলে ঠান্ডা পানীয় খেতে নিষেধ করেন চিকিৎসকরা।
২) পানি খাওয়ার কথা মনে না থাকলে বাজার করতে হবে সতর্ক হয়ে। বেশি পানি আছে, এমন ফল ও সব্জি বেশি করে কিনতে হবে। রোজের ডায়েটে শসা, কমলালেবু, লেটুস, পালংশাক, মুলোর মতো ফল-শাকসব্জি রাখতে হবে।
৩) হাতের কাছে পানির বোতল রাখার সুবিধা অনেক। কতটা পানি কতক্ষণে খেলেন তারও একটা হিসাব মেলে এতে। তাই যেখানেই যান, হাতের কাছে বোতল রাখুন। অনেক সময়ে তেষ্টা পেলেও সামনে পানি না থাকায় খাওয়া হয় না আমাদের। এই কৌশল সেই সমস্যা থেকে রক্ষা করে।
৪) সবসময় না হলেও কোনও কোনও সময়ে পানি খাওয়ার জন্য অ্যালার্ম সেট করুন। এতে পানি খাওয়ার সময় কখনও ভুল হবে না। পানি খাওয়ার কথা ভুলে গেলেও অ্যালার্মের মাধ্যমে মনে পড়বে তা।
৫) আপনি কি টেক স্যাভি? তা হলে পানি খাওয়ার কথা মনে রাখতেও প্রযুক্তির সাহায্য নিতেই পারেন। পানি খাওয়ার কথা মনে করানো থেকে শুরু করে সারাদিনে কত পরিমাণ পানি খাওয়া উচিত ছিল, আর কতটা খেলেন, সে সব মেপে জানিয়ে দেবে, এমন অনেক অ্যাপ আছে। ব্যবহার করতে পারেন তেমন অ্যাপও।